প্রকাশিত: Mon, May 29, 2023 11:14 PM
আপডেট: Fri, Jun 5, 2026 2:17 PM

মেঘনার তীররক্ষা বাঁধ ঘিরে পর্যটনের অপার সম্ভাবনা

রিয়াজ মাহমুদ, লক্ষ্মীপুর: ২০১৭ সালে ১৯৮ কোটি টাকা ব্যয়ে লক্ষ্মীপুরের রামগতি বাজার, আলেকজান্ডার ও কমলনগরে মাতাব্বরহাট এলাকায় সাড়ে ৫ কিলোমিটার মেঘনার তীররক্ষা বাঁধ নির্মাণ করে সরকার। বর্তমানে এসব বাঁধ উপকূলের অন্যতম পর্যটন স্পট হিসেবে রূপ নিয়েছে। সারাদিন ওই বাঁধে ঢল নামে ভ্রমণপিপাসুদের। 

এছাড়া মেঘনার জেগে উঠা বেশ কিছু চরে রয়েছে শত শত মহিষের পাল। পাওয়া যায় মহিষের দুধের ঐতিহ্যবাহী দই। এসব স্থান রক্ষায় ব্লক দেওয়ায় পলি জমে বেলাভূমির সৃষ্টি হয়েছে। পাশেই জেগেছে নতুন চর। ফলে ডিঙ্গি নৌকায় চড়ে ওই চরে ভিড় জমায় ভ্রমণপ্রেমীরা। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি পর্যাক্রমে নতুন করে যোগ হচ্ছে রামগতির আলেকজান্ডার ও কমলনগর উপকূলে বর্তমান সরকারের আমলে নির্মিত নদী তীর রক্ষা বাঁধ।

রামগতি ও কমলনগর উপজেলার এসব প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আশাবাদী স্থানীয়রা। তারা বলছেন, মানুষের উপচেপড়া ভিড়ে আশে পাশে গড়ে উঠেছে ছোট ছোট দোকান ঘর ও শিশুদের খেলনা সামগ্রী বিক্রির ব্যবসায়িক প্রতিষ্ঠান। প্রতিদিন ২০ থেকে ৩০ হাজার ও বিশেষ দিনে লাখ টাকারও বেশি বেচা-বিক্রি হচ্ছে বলে জানান দোকানিরা। কেউ কেউ বলছেন ঘুরতে আসা দর্শনার্থীদের ছবি তুলেও পড়ালেখার পাশাপাশি বাড়তি আয় করছেন তরুণরা।

উপকূল ঘিরে পর্যটনের অপার সম্ভাবনা থাকলেও পর্যটকদের জন্য এখনো এখানে গড়ে উঠেনি হোটেল-মোটেল, পয়াঃনিস্কাশন ও নিরাপত্তা ব্যবস্থা। সরকারি বেসরকারি উদ্যোগ গ্রহণের মাধ্যমে পর্যটনের সকল সুবিধা নিশ্চিত করা হলে এ অঞ্চলের অর্থনৈতিক অবস্থা বদলে যাবে বলে জানান স্থানীয়রা।

লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ জানান, মেঘনার বেঁড়ি বাঁধকে ঘিরে পর্যটন সম্ভাবনা রয়েছে। বরাদ্দ চাওয়া হয়েছে, পর্যটকদের সকল সুবিধা নিশ্চিতের ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: মুরাদ হাসান